ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ : রথযাত্রার পুণ্যলগ্নে শ্রীক্ষেত্র পুরীতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, এদিন সকাল থেকেই পুরীর মন্দির চত্বরে ছিল ভক্তদের বাঁধভাঙা ভিড়। জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময় ভক্তদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। একটিবার প্রভুকে দর্শন করার জন্য এবং রথের রশিতে টান দেওয়ার জন্য ভক্তদের মধ্যে ঠেলাঠেলি চরমে পৌঁছায়। এই প্রবল ভিড়ের চাপেই বহু পুণ্যার্থী ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গরমের কারণেও অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।
আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা হয়। উদ্ধারকাজে ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-এর স্পেশাল রেসকিউ ইউনিট (SRU) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা অন্তত ৩৩ জন ভক্তকে ভিড়ের চাপ থেকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সহায়তা প্রদান করে। এই ঘটনায় পুরী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের সুচিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।








