ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানালো বিজেপি। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মঙ্গলবার রাহুল গান্ধীকে ‘বিশৃঙ্খলার পূজারী’ এবং ‘ধ্বংসাত্মক শক্তি’ বলে অভিহিত করেছেন।
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার গণতান্ত্রিক কাঠামো, সংবিধানের প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিগত ১২ বছরের স্থিতিশীলতা। এর বিপরীতে, বিরোধীরা ‘বিশৃঙ্খল মানসিকতা’ নিয়ে কাজ করছে এবং সাংবিধানিক রীতিনীতি উপেক্ষা করে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে।
ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধী কেবল বিশৃঙ্খলাতেই বিশ্বাস করেন না, তিনি গণতন্ত্রকে হত্যা করে অরাজকতা প্রতিষ্ঠা করতে চান। তিনি রাহুল গান্ধীকে ‘ভস্মাসুর’ আখ্যা দিয়ে বলেন, এই ধরনের নেতা দেশের জন্য বিপজ্জনক। তিনি মনে করিয়ে দেন যে, দেশের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং বিরোধীরা যদি লাগাতার সরকার পরিবর্তনের কথা বলে, তবে জনগণই তাদের পরিবর্তন করবে।
বিজেপি মুখপাত্র স্পষ্ট করেন, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় বা তেজস্বী যাদবের মতো নেতারা অরাজকতার মাধ্যমে কিছুই অর্জন করতে পারবেন না। বরং দেশের মানুষ তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের গণতন্ত্র অটুট থাকবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় অনিয়মিতা নিয়ে চলমান প্রতিবাদের প্রেক্ষিতে আইনজীবী প্রশান্ত ভূষণ , আইসা সভাপতি নেহা বোরা এবং কংগ্রেস মুখপাত্র পবন খেরার মতো ব্যক্তিরা ‘সরকার পরিবর্তন’ শব্দটি ব্যবহার করার পরেই বিজেপির এই প্রতিক্রিয়া আসে।








