ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬ : ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-র নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল কংগ্রেস হলেও, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের কড়া সমালোচনা করেছেন তিনি।
রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা সম্পূর্ণ অনুচিত এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে। ঝাড়খণ্ড সরকারের উচিত লাগাতার শিক্ষার্থীদের কথা শোনা এবং তাদের দাবিগুলি অবিলম্বে সমাধান করা।” সোমবার বিকেলে ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিল করতে থাকা হাজার হাজার শিক্ষার্থী সমস্ত আইনি ও পুলিশি বাধা অতিক্রম করে ভবনের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। এই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। রাহুল গান্ধী আরও উল্লেখ করেন যে, দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা এই ছাত্র আন্দোলন মূলত ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যয়বহুল ও দমনমূলক হয়ে উঠেছে। প্রতিটি সরকারেরই উচিত শিক্ষার্থীদের কথা শোনা এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।” একইসঙ্গে দিল্লিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন ও গুলি চালনার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৈফিয়তও দাবি করেছেন রাহুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া কোনও ‘কল্পকাহিনিতে’ বিরোধীরা আগ্রহী নয়।








