নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে নতুন জনসংযোগ কর্মসূচি রাহুলের

নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ১৭ জুন থেকে দেশজুড়ে নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করছেন রাহুল গান্ধী। ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্কের আবহে এবার ময়দানে নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী ১৭ জুন থেকে দেশব্যাপী এক নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছেন তিনি। এই উদ্যোগকে কংগ্রেসের পূর্ববর্তী ‘ভারত জোড়ো’ যাত্রার ধাঁচে তৈরি করা হলেও, এবারের মূল লক্ষ্য হল সরাসরি দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করা।

নিট কেলেঙ্কারি নিয়ে জাতীয় রাজনীতি ক্রমশ উত্তাল হয়ে উঠছে, এই পরিস্থিতিতে দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের একজোট করতে রাহুল গান্ধীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, আগামী ১৭ জুন দেশের বিখ্যাত কোচিং হাব রাজস্থানের কোটা থেকে এই আন্দোলনের সূচনা করবেন রাহুল গান্ধী। এরপর আগামী ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই তিনি দেশের রাজধানী দিল্লিতে যাবেন। এই সফরগুলিতে রাহুল গান্ধী মূলত ছাত্রছাত্রী, সরকারি চাকরিপ্রার্থী, দেশের যুবসমাজ এবং শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাঁদের নানা অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসেও তাঁকে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যাবে। উল্লেখ্য, রাহুল গান্ধী আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন, আর এই জনসংযোগ কর্মসূচি থেকে সেই দাবিকেই আরও জোরালোভাবে তুলে ধরা হবে। কংগ্রেসের পক্ষ থেকে কর্মীদের বিভিন্ন শিক্ষা ক্যাম্পাসে, কোচিং সেন্টারে এবং স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে বলা হয়েছে। এর পাশাপাশি এই আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে সোশাল মিডিয়াকেও পুরোদমে কাজে লাগানো হবে। কংগ্রেস মূলত নিটের প্রশ্নফাঁস কাণ্ডকে ফোকাস করেই এই দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে চাইছে।

বেণুগোপালের মতে, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এমন গা-ছাড়া মনোভাব অত্যন্ত নিন্দনীয়। দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই এই আন্দোলন গড়ে তোলা হয়েছে জানিয়ে বেণুগোপাল যুবসমাজকে এতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। নিটের প্রশ্নফাঁস বন্ধ করা, পরীক্ষার ফি বাতিল করা এবং প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কংগ্রেস।