রাজনাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস: অপারেশন সিঁদুরে সেনা ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক

অপারেশন সিঁদুরে সেনা ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের। রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছে কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। গত বছর অভিযানের সময় ছয় ভারতীয় সেনাকর্মী শহিদ হয়েছিলেন বলে কেন্দ্র সরকার সম্প্রতি স্বীকার করার পরই কংগ্রেস এই পদক্ষেপ নিয়েছে।

কংগ্রেসের অভিযোগ, গত বছর ২৮ জুলাই লোকসভায় পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে ওই অভিযানে ভারতীয় বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনও জওয়ান শহিদ হননি। সেই বক্তব্যের সরকারি রেকর্ডও অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল। অন্যদিকে, সম্প্রতি সরকারিভাবে প্রকাশিত তথ্য এবং শহিদ সেনাদের মরণোত্তর সম্মান প্রদানের তালিকা থেকে জানা যায়, অপারেশন সিঁদুরে মোট ছয়জন ভারতীয় সেনাকর্মী প্রাণ হারিয়েছিলেন। তাঁদের নাম সরকারি ওয়েবসাইটের ২০২৫ সালের ‘৩ডি ওয়াল’ অংশেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তথ্য সামনে আসার পরই কংগ্রেসের দাবি, সংসদে প্রতিরক্ষামন্ত্রী যে তথ্য দিয়েছিলেন, তা সরকারের বর্তমান স্বীকারোক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নোটিস দাখিল করবেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি বর্তমানে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হওয়ায় তাঁর অভিযোগকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, সংসদে দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এখন লোকসভার স্পিকার এই নোটিস গ্রহণ করেন কি না, সেদিকেই নজর থাকবে।