ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ যোগী আদিত্যনাথের হুঁশিয়ারির পর রামমন্দিরের প্রণামী চুরির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের। অভিযোগ, মন্দিরের প্রণামী এবং নির্মাণ সামগ্রী সরবরাহের নামে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে।
তদন্তে জানা গেছে, সন্দেহভাজনদের তালিকায় থাকা কয়েকজন গত দু’বছরে হরিদ্বার, ঋষিকেশ, মানালির মতো পর্যটন কেন্দ্রে হোটেল কিনেছেন। কোথা থেকে এল এই বিপুল অর্থ, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, একটি সিন্ডিকেট তৈরি করে মন্দিরের নির্মাণ সামগ্রী সরবরাহে ঠিকাদারদের থেকে প্রায় ৪০ শতাংশ কমিশন নেওয়া হয়েছে। এছাড়া, রামমন্দির সংলগ্ন এলাকার জমি অধিগ্রহণেও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি দামে জমি কেনা হয়েছে বলে অভিযোগ।
প্রাথমিকভাবে ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ করার পর ২৫ জনকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের অযোধ্যার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যারা প্রণামীর নগদ টাকা গোনা এবং দেখভালের দায়িত্বে ছিল। তাদের জেরা করে ২ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে। উৎসবের সময় প্রণামী বাক্সে জমা পড়া নগদ এবং সোনা-রূপোর হিসাবের গরমিল দেখে তদন্তকারীদের সন্দেহ জাগে। সূত্রের খবর, তদন্ত শেষে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ভেঙে দেওয়ার সুপারিশও করা হতে পারে।







