ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা চুরির অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এই অভিযোগের তদন্তে একটি তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অভিযোগ পাওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথমেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই অর্থ নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, রামভক্তদের দান করা বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে গিয়েছে, যা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক। অখিলেশ এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। প্রাথমিকভাবে ট্রাস্ট এই অভিযোগ অস্বীকার করলেও, পরে অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক লেনদেনের খোঁজ মেলে। ট্রাস্টের প্রধান নৃপেন্দ্র মিশ্র এবং সাধারণ সম্পাদক চম্পত রাই দিল্লি থেকে আসা এসবিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই তদন্ত করান। ফলাফলের ভিত্তিতে ট্রাস্ট নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে SIT গঠনের অনুরোধ জানায়। গঠিত উচ্চপর্যায়ের এই সিটে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং রাজ্যের অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন। এদিকে, এই অর্থ নয়ছয়ের বিষয়টি এখন আদালতের দরজায় পৌঁছেছে। আইনজীবী মোহিত অশোক এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
তিনি সিবিআই তদন্তের পাশাপাশি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) দ্বারা ট্রাস্টের অ্যাকাউন্টের বিশেষ ফরেনসিক অডিটেরও আর্জি জানিয়েছেন। তাঁর আবেদনে চারজন ট্রাস্ট কর্মীর গ্রেপ্তার এবং এক অভিযুক্তের হিসাব থেকে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আবেদনকারী নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই হস্তক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।








