রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ, জোরাল সমর্থন জানাল রাশিয়া-সহ তিন দেশ

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে জোরাল সমর্থন জানাল রাশিয়া, পর্তুগাল ও মরিশাস। আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী হল ভারতের অবস্থান।

Share:

ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত। শনিবার এই বিষয়ে ভারতকে জোরাল সমর্থন জানাল ‘বন্ধু’ রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব বাড়ানো অত্যন্ত জরুরি, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির জন্য। একইসঙ্গে লাভরভ পশ্চিমী দেশগুলির জন্য অতিরিক্ত আসন বরাদ্দের তীব্র বিরোধিতা করেন।

রুশ বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, জার্মানি ও জাপানের মতো পশ্চিমী দেশগুলির জন্য কোনও অতিরিক্ত আসন বরাদ্দ করা উচিত নয়, কারণ তারা বর্তমানে প্রতিশোধপরায়ণ রাজনীতির পথে হাঁটছে। তিনি আরও বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে এবং স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতকে সমর্থন করে। বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে – চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন। এই পাঁচ সদস্যের পাশাপাশি ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবি দীর্ঘদিনের। ভারত দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয়ে আসছে। রাশিয়ার পাশাপাশি পর্তুগাল এবং মরিশাসও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন জানিয়েছে। এই আন্তর্জাতিক সমর্থন ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।