ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১ শতাংশ বেড়ে ৮১ ডলারে পৌঁছেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ৩ শতাংশ বেড়ে ৭৮ ডলার হয়েছে। সুইৎজ়ারল্যান্ডে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠক থেকে ইরানের প্রতিনিধিদের উঠে যাওয়ার জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুঁশিয়ারি এই সিদ্ধান্তের কারণ। যদিও দুই দেশের মধ্যে আলোচনা এখনও শেষ হয়নি এবং সোমবারও তা জারি থাকবে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে ভারতীয় শেয়ার বাজারের গতিবিধি নিয়ে লগ্নিকারীদের মধ্যে কৌতূহল বাড়ছে। গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে চার সেশনেই সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি দেখা গিয়েছিল। যদিও শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ০.৬৪ শতাংশ এবং সেনসেক্স ০.৭৮ শতাংশ কমেছিল, তবুও সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে এই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের সামগ্রিক বৃদ্ধি ছিল ইতিবাচক। তবে গিফ্ট নিফটি এবং এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলির ইতিবাচক ইঙ্গিতের উপর ভর করে বাজার বিশেষজ্ঞরা এ সপ্তাহে সেনসেক্স ও নিফটি৫০-র ঊর্ধ্বমুখী শুরুর আশা করছেন।
এ দিন গিফ্ট নিফটি ৬৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়েছে, যা দালাল স্ট্রিটে একটি পজ়িটিভ ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স সোমবার ১.৮২ শতাংশ বেড়েছে, টপিক্স বেড়েছে ১.২৮ শতাংশ। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক কোসপিও ১.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিতবাহী। এই আন্তর্জাতিক ইতিবাচক প্রবণতা ভারতের শেয়ার বাজারেও প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।








