সিকিমে প্রবল বৃষ্টি, ফুঁসছে তিস্তা, জারি রেড অ্যালার্ট; বিচ্ছিন্ন সড়ক, মহা বিপর্যয়ের আশঙ্কা

সিকিমে প্রবল বর্ষণে তিস্তা ফুঁসছে, জারি হয়েছে লাল সতর্কতা। মঙ্গন-চুংথাং সড়ক বিচ্ছিন্ন, বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা। মহা বিপর্যয়ে শঙ্কিত সিকিম।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ সিকিমে প্রবল বর্ষণে ঘোর দুর্যোগ নেমে এসেছে। টানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে রাজ্যজুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বড় বিপর্যয়ের কবলে। বিশেষত, মঙ্গন-চুংথাং সড়ক মেয়ং খোলার জলস্তর বৃদ্ধির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর জেরে উভয় দিকের সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিস্তার জলস্তর পেডং, জংগু সহ বিভিন্ন এলাকায় মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। জল প্রায় বিপদসীমার কাছে পৌঁছে যাওয়ায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এবং এসপি এলবি ছেত্রী ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাঁরা জানিয়েছেন, রাস্তাটি যাতায়াতের জন্য নিরাপদ নয়, তাই চুংথাং এবং মঙ্গন– দুই দিক থেকেই যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে চেকপোস্টগুলিকে। জলস্তর নেমে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃষ্টি অব্যাহত থাকায় হড়পা বান ও ভূমিধসের আশঙ্কাও প্রবলভাবে বেড়েছে। পাহাড়ের উঁচু এলাকায় ভারী বৃষ্টি চলতে থাকায় গ্যাংটকের কাছেও তিস্তার জল বাড়ছে। কালিম্পংয়ের তিস্তা বাজার সংলগ্ন এলাকাতেও এই দুর্যোগের জেরে জনমানসে আতঙ্ক তৈরি হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে সিকিমের জনজীবন বিপর্যস্ত। প্রশাসন দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট।