বিদায়বেলায় আবেগঘন টিম কুক, অ্যাপলের নতুন সিইও কে? WWDC 2026-এ বড় ঘোষণা

WWDC 2026-এ আবেগঘন বিদায় টিম কুকের। অ্যাপলের নতুন সিইও হচ্ছেন জন টার্নাস। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ , ১০ জুন ২০২৬ : প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় বার্ষিক অনুষ্ঠান WWDC 2026-এ আবেগঘন বিদায় জানালেন অ্যাপলের সিইও টিম কুক। ২৮ বছরের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, সিইও হিসেবে ডেভেলপারদের সামনে নতুন প্রযুক্তি উন্মোচন করা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। মানুষের সৃজনশীলতাই অ্যাপলের আসল শক্তি বলে তিনি মনে করেন।

কুকের নেতৃত্বে অ্যাপল শুধু একটি প্রযুক্তি সংস্থাই নয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাঁর সময়ে অ্যাপলের বাজারমূল্য ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অ্যাপল মিউজিক, আইক্লাউড, অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং নিজস্ব এম-সিরিজ চিপের মতো উদ্ভাবনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও অ্যাপলকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি, গড়ে তুলেছেন এক সুরক্ষিত ও সমন্বিত ইকোসিস্টেম।

তবে এই WWDC 2026 শুধু নতুন প্রযুক্তির প্রদর্শনী নয়, একটি যুগের সমাপ্তির সাক্ষীও থাকল। সংস্থার হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাস আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। টিম কুক তাঁর বিদায়ী ভাষণে ভবিষ্যৎ নেতৃত্বের উপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “অ্যাপলের সেরাটা এখনও বাকি।”