ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: ত্রিপুরার বক্সনগর সীমান্তে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন বিএসএফ জওয়ান। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার বক্সনগর আশাবাড়ি এলাকায় সোমবার সকালে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে মাল পাচার করার সময় জওয়ানরা পাচারকারীদের বাধা দেয়। ধাওয়া করার সময় হেফজুর রহমান নামে এক স্থানীয় যুবককে আটক করে জওয়ানরা। লাঠির আঘাতে ওই পাচারকারীর পা জখম হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসতেই অপরাধীরা স্থানীয়দের সাথে নিয়ে রাস্তা অবরোধ করে।
এরপরই রহিমপুর কাঁটামুড়া বিওপির তিনজন বিএসএফ জওয়ান গাড়ি নিয়ে বক্সনগরের দিকে যাওয়ার সময় পাচারকারীরা তাঁদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। অপরাধীরা জওয়ানদের মেরে মাথা ফাটিয়ে বন্দুক ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এমনকী, জওয়ানদের গাড়িটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে আশাবাড়ি বিওপি থেকে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান ঘটনাস্থলে এলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই হামলায় তিনজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কলমচৌড়া থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং ১৮ জন অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।








