ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : ভারতীয় রেলে যাত্রীদের সুরক্ষায় এবং টিকিট চেকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে ট্রেনের টিকিট পরীক্ষক (TTE) কর্মীরা বডি ক্যামেরা পরে টিকিট পরীক্ষা করবেন। যাত্রী ও টিটিইদের মধ্যে প্রায়শই তর্ক-বিতর্ক ও বিবাদের ঘটনা ঘটে, যা অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ভারতীয় রেল এই নতুন প্রযুক্তি গ্রহণ করেছে। উত্তর মধ্য রেল এই পাইলট প্রকল্পটি শুরু করেছে।
প্রথম ধাপে, প্রয়াগরাজ এক্সপ্রেস (১২৪১৭/১২৪১৮) এবং শ্রম শক্তি এক্সপ্রেস (১২৪৫১/১২৫২) – কানপুর-নয়াদিল্লি-কানপুর রুটে চলাচলকারী ট্রেনগুলিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। টিটিইদের ইউনিফর্মে পরিধানযোগ্য এই ক্যামেরাগুলি ভিডিও এবং অডিও উভয়ই রেকর্ড করতে সক্ষম। এতে HD ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং, নাইট ভিশন, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং টেম্পার প্রুভ রেকর্ডিং সিস্টেমের মতো অত্যাধুনিক ফিচার থাকবে। রেল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে টিকিট পরীক্ষার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।
উত্তর মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা ডঃ শিবম শর্মা জানিয়েছেন, “এই নতুন পদক্ষেপ যাত্রীদের আরও নিরাপদ এবং স্বচ্ছ ভ্রমণের অভিজ্ঞতা দেবে। এটি টিকিট চেকিং ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর এবং নির্ভরযোগ্য করে তুলবে।” বর্তমানে ৩০টি ক্যামেরা কর্মীদের সরবরাহ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণও চলছে। পাইলট প্রকল্পটি সফল হলে, এটি পর্যায়ক্রমে উত্তর মধ্য রেলওয়ের অন্যান্য ট্রেনগুলিতেও বাস্তবায়ন করা হবে।








