ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যু তদন্তে এল বড় মোড়। মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, যা দিল্লির এইমস (AIIMS)-এর বিশেষজ্ঞ দল দ্বারা সম্পন্ন হবে। একই দিনে এই মামলার মূল অভিযুক্ত এবং ত্বিষার স্বামী আইনজীবী সমর্থ সিং জব্বলপুর আদালতে আত্মসমর্পণ করেছেন। গত দশ দিন ধরে পলাতক ছিলেন তিনি। পাশাপাশি, এই চাঞ্চল্যকর মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় ত্বিষা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মাত্র কয়েক মাস আগেই আইনজীবী সমর্থ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
ত্বিষার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণ নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবার, তাদের দাবি ছিল, রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে। পরিবারের দীর্ঘ আইনি লড়াই এবং তদন্তে প্রভাব খাটানোর অভিযোগের পরেই হাইকোর্ট দ্বিতীয় ময়নাতদন্তের অনুমতি দিল। আত্মসমর্পণের সময় সমর্থ সিংয়ের আইনজীবী আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা এর বিরোধিতা করে জানান, মামলার গুরুত্ব এবং অভিযুক্তের দীর্ঘ সময় পলাতক থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছুক্ষণের মধ্যেই সমর্থ আত্মসমর্পণ করেন।
ত্বিষার পরিবার প্রশ্ন তুলেছে, যদি তিনি নির্দোষ হন, তাহলে এতদিন আত্মগোপন করেছিলেন কেন? এই মামলায় সমর্থ সিং এবং তাঁর শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণ দাবি, নির্যাতন, আত্মহত্যায় প্ররোচনা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ দায়ের হয়েছে। গিরিবালা সিং একজন অবসরপ্রাপ্ত বিচারক। সিবিআই এখন ডিজিটাল প্রমাণ, সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক তথ্য খতিয়ে দেখছে।








