মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা: ইরানের ৫ তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে তেহরানের পালটা মিসাইল

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। ইরানের ৫টি তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলার পর জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পালটা মিসাইল হামলা। যুদ্ধ পরিস্থিতি চরমে।

Share:

ব্যুরো নিউজ, ৯ সেপ্টেম্বর ২০২৬: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে। মঙ্গলবার রাতে ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালাল আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে এই হামলার ফুটেজ প্রকাশ করা হয়েছে। এর পালটা জবাব দিতে দেরি করেনি তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ২০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার ধারণ করছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত দু’দিনে ইরানের রেভলিউশনারি গার্ড (IRGC) দু’বার মার্কিন রণতরীকে নিশানা করেছিল, যদিও তাতে কোনও ক্ষতি হয়নি। এর জবাবেই মঙ্গলবার ওমান উপসাগরে চারটি এমটি কাভিজ, চারমিনার, হরাইজন-১, রিয়েস্কো এবং হরমুজের খার্গ দ্বীপের কাছে এমটি দেরিয়া নামে পাঁচটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়। আমেরিকার দাবি, হামলার আগে নাবিকদের সতর্ক করে জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইরানের এই পালটা হামলা প্রসঙ্গে জর্ডান সেনা জানিয়েছে, তাদের ১৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান জানালেও, উভয় পক্ষের অনড় মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।