ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা থেকে নেপালে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার হলেন এক প্রাক্তন মার্কিন সেনা। জর্ডন ব্রাউন নামে ওই ব্যক্তি গত সাত মাস ধরে পাসপোর্ট ছাড়াই ভারতে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে। রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ৩৬ বছর বয়সি জর্ডন দাবি করেছেন, তিনি আমেরিকার প্রাক্তন নৌসেনা আধিকারিক। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডন পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। তা সত্ত্বেও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে।
তদন্তকারীদের সূত্রে খবর, থাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কা পৌঁছন জর্ডন। সেখান থেকে জাহাজে চেপে চলে আসেন গোয়ায়। গত বছর ২ নভেম্বর তিনি গোয়ায় পা রাখেন বলে দাবি করেছেন। গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে তিনি উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে পৌঁছন। তাঁর পরবর্তী গন্তব্য ছিল নেপাল। কিন্তু পাসপোর্ট না থাকায় সীমান্ত অতিক্রমের সময় তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।
পাসপোর্টবিহীন অবস্থায় দীর্ঘ সাত মাস ধরে ভারতের একাধিক শহরে কীভাবে তিনি অবাধে ঘুরে বেড়ালেন, তা নিয়ে পুলিশ ও গোয়েন্দারা বিস্মিত। জর্ডনের গতিবিধি এবং ভারতে থাকার আসল উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তিনি কোনও অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত কিনা, বা তাঁর ভারতে থাকার পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই গ্রেপ্তারি দেশের সীমান্ত সুরক্ষা এবং বিদেশি নাগরিকদের উপর নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।








