এশিয়ান গেমসের দল গঠনে বিতর্ক, অনুশ আগরওয়ালার মামলায় স্বচ্ছতা চাইল দিল্লি হাইকোর্ট

এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান দল গঠনে বিতর্ক। অনুশ আগরওয়ালাকে রিজার্ভে রাখায় দিল্লি হাইকোর্টে মামলা। আদালত স্বচ্ছতা চেয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করল।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান দল গঠন নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। দেশের প্রথম অলিম্পিয়ান ও জোড়া এশিয়ান গেমস পদকজয়ী অনুশ আগরওয়ালাকে মূল দল থেকে রিজার্ভে রাখায় এই বিতর্ক দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট দল নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা চেয়ে নির্দেশ দিয়েছে। গত এশিয়ান গেমসে জোড়া পদক জিতেছিলেন অনুশ। গত এক বছরেও আন্তর্জাতিক মিটে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। তা সত্ত্বেও তাঁকে রিজার্ভে রাখায় তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

তাঁর অভিযোগ, টিম সিলেকশনে সঠিক নিয়ম মানা হয়নি। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হয়। শুনানিতে হাজির ছিলেন ড্রেসাজ ইভেন্টের নির্বাচন কমিটির সদস্য কপিল মোদী। তিনি জানান, ১৯ জুন চূড়ান্ত তালিকা জমা করেছেন তাঁরা। অনুশের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ী ২২ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নাম জমা দেওয়ার কথা। কপিলকে ভর্ৎসনা করে আদালতের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত তারিখের আগে তালিকা জমা দেওয়া হয়েছিল কি পিটিশনটি ইচ্ছাকৃত ভাবে নিষ্ক্রিয় করার জন্য?

আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ানে ভারতের প্রতিনিধিত্ব হোক, কিন্তু নির্বাচনের পদ্ধতি অবশ্যই স্বচ্ছ হতে হবে। এর পরেই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। অনুশের টিম আশা করছে, মহামান্য বিচারক ওই দিন তাঁর সিদ্ধান্ত জানাবেন। এই মামলার রায় ভারতের ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।