ব্যুরো নিউজ , ১৯ নভেম্বর ২০২৬: ইকুয়েডরের ফুটবল কর্তৃপক্ষ সহকারী রেফারিকে পাথর ছুড়ে গুরুতর জখম করার ঘটনায় খেলোয়াড় জন পেরলাসাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। তৃতীয় বিভাগের ম্যাচে গত মাসে ঘটে যাওয়া এই ঘটনায় আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়েছে এবং সুস্থ হতে ৬০ দিন লাগবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। শাস্তি ঘোষণার পাশাপাশি ফেডারেশন বলেছে, নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে কার্যকর করার জন্য ফিফার কাছে আবেদন জানানো হবে।
গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকো এফসির ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৯৬ মিনিটে পেরলাসার ছোড়া পাথর সহকারী রেফারি লেনিন জিওভানি ওহেদা নুনিয়েসের গায়ে লাগে। গুরুতর চোটের পর ম্যাচটি আর চালানো সম্ভব হয়নি, তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই মাঠে খেলোয়াড়দের আচরণ এবং ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এফইএফের শৃঙ্খলা কমিটি পেরলাসাকে ম্যাচ কর্মকর্তার উপর শারীরিক আক্রমণের জন্য দায়ী করেছে। বুধবার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল-সংক্রান্ত কোনও কাজেই তিনি অংশ নিতে পারবেন না ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত। ইয়ানৎসা ক্লাবকে ২,০০০ ডলার জরিমানাও দিতে হবে। এর পাশাপাশি আহত রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও ৪,৩৬৯.৭৩ ডলার দেওয়ার নির্দেশ হয়েছে।
ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিল। তারা জানায়, মাঠের ভিতরে বা বাইরে কোনও ধরনের মৌখিক কিংবা শারীরিক হিংসা সমর্থন করে না; ফুটবল হওয়া উচিত সম্মান ও সৌহার্দ্যের জায়গা। দায়ী ব্যক্তিকে শনাক্ত করার পরই তাঁকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় ইয়ানৎসা। পেরলাসা এখন আর ক্লাবের সদস্য নন।









