ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে লাগাতার সিরিজ পরাজয়ের পর প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একসময় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করা গম্ভীর এখন দলের এই বেহাল দশার জন্য সমালোচিত হচ্ছেন। বিশেষত, ২০২৩ সালের পর এই প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ হারল ভারত, যা বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সূত্র মারফত খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ব্যর্থতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। চুনোপুঁটি আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া এবং এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হাতছাড়া হওয়া দেশের সম্মানহানি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও গৌতম গম্ভীরের সাথে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে, তবুও দলের ক্রমাগত ব্যর্থতার দায় তাঁকে নিতে হতে পারে। তাঁর কোচিংয়েই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় এসেছিল, কিন্তু সম্প্রতি অধিনায়ক বদলের পর দলের পারফরম্যান্সে বড়সড় পতন লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞ মহলের ধারণা, এই পরিস্থিতিতে শুধু খেলোয়াড়রাই নন, কোচ গৌতম গম্ভীরও শাস্তির মুখে পড়তে পারেন। বিসিসিআই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে প্লেয়ারদের পারফরম্যান্স পর্যালোচনা করবে এবং প্রয়োজনে বেশ কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হতে পারে। সেই তালিকায় গম্ভীরের পছন্দের খেলোয়াড়রাও থাকতে পারেন। একইসাথে, কোচের দায়িত্বে থাকা গম্ভীরের কাছেও এই ব্যর্থতার গুরুত্ব বোঝানো হবে বলে জানা গেছে। ভারতীয় ক্রিকেটের সম্মান রক্ষায় বোর্ড কোনো আপস করতে রাজি নয়।








