ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ভারত ও পাকিস্তানের মধ্যে ঘন ঘন ক্রিকেট ম্যাচ আয়োজনের এক বড় পরিকল্পনা হাতে নিয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘকাল ধরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ICC ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্টের মাধ্যমে ভারত ও পাকিস্তানকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্রিকেটপ্রেমীরা অল্প সময়ের ব্যবধানে ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ পাবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলা ফিউচার ট্যুরস প্রোগ্রাম (FTP) বৈঠকে ICC এই বিশেষ প্রস্তাব পেশ করতে পারে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ১২টি পূর্ণ সদস্য দেশ এবং আটটি সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। শেষবার ২০১২ সালের ডিসেম্বর ও ২০১৩ সালের জানুয়ারিতে পাকিস্তান দল ভারতে এসে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। এরপর থেকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অন্যান্য ICC টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলেনি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ICC-র এই উদ্যোগ সফল হলে রাজনৈতিক বাধা সত্ত্বেও বছরে একাধিকবার ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে পারে। ভক্তদের বহু প্রতীক্ষিত এই ম্যাচগুলি আবারও নিয়মিত উপভোগ করার সুযোগ মিলবে। এখন দেখার, ICC-র এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা শেষ পর্যন্ত কতদূর এগোয় এবং কবে থেকে এই নতুন ফর্ম্যাট কার্যকর হয়।








