টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের, গ্রুপ পর্যায় থেকেই বিদায়

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল ভারত। হরমনপ্রীতের লড়াই সত্ত্বেও স্বপ্নভঙ্গ হল ভারতীয় মেয়েদের।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে এই পরাজয়ে ফের একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলের। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে।

অধিনায়ক হরমনপ্রীত ২৭ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও, স্মৃতি মন্ধানা (৩৮), শেফালি বর্মা (৩৪) এবং জেমাইমা রডরিগেজ (৩৪) তুলনামূলক ধীর গতিতে রান তোলায় স্কোরবোর্ড প্রত্যাশিত গতি পায়নি। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো না হলেও, এলিস পেরি (৫৬) ও অ্যাশলে গার্ডনারের (৫৩ অপরাজিত) অনবদ্য শতরানের জুটি তাদের জয় এনে দেয়। ৯ ওভারের মধ্যে ৬৮ রানে ৩ উইকেট হারানোর পরেও অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতেই ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয়।

এই হারের ফলে অস্ট্রেলিয়া গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল, আর ভারত লজ্জাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। স্টেডিয়ামে উপস্থিত বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, শিখর ধাওয়ান, রবি শাস্ত্রীরাও ভারতের এই হতাশাজনক পারফরম্যান্সের সাক্ষী থাকলেন। তবে, এই ম্যাচে দীপ্তি শর্মা ঝুলন গোস্বামীর রেকর্ড ভেঙে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন, যা ভারতীয় দলের জন্য একমাত্র ইতিবাচক দিক।