দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের লড়াকু ইনিংসও KKR-কে বাঁচাতে পারল না।

Share:

ব্যুরো নিউজ , ২৪ মে ২০২৬: কলকাতা নাইট রাইডার্সের (KKR) আইপিএল অভিযান শেষ। রবিবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল শাহরুখ খানের দল। এই হারের ফলে এবারের টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো ঐতিহ্যবাহী এই ফ্র্যাঞ্চাইজিকে। ঘরের মাঠে টসে হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা।

এই সুযোগ কাজে লাগিয়ে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ২০৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই চাপে ছিল। যদিও অধিনায়ক অজিঙ্কা রাহানে ব্যাট হাতে এক লড়াকু ইনিংস খেলেন। ৩৯ বলে চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৩ রান করে তিনি দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হন। তবে তাঁর এই একক লড়াই দলকে জেতাতে পারেনি। রাহানে ছাড়া মনিশ পান্ডে ছাড়া আর কোনও ব্যাটসম্যানই ২০ রানের গন্ডি টপকাতে পারেননি। সবচেয়ে হতাশাজনক ছিল ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স, যিনি মাত্র দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন। রিংকু সিংয়ের মতো সহ-অধিনায়কের ব্যাটও এদিন চলেনি। বোলিংয়ে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নিলেও প্রচুর রান খরচ করেন।

একসময় টুর্নামেন্টের শুরুটা জঘন্য হলেও, মাঝপথে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা। একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে এনে প্লে-অফের আশা জিইয়ে রেখেছিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ব্যাটিং ব্যর্থতাই তাদের ডোবাল। এই হারের ফলে কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল স্বপ্ন অধরাই রয়ে গেল।