ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর এবার মেসি কাণ্ডের ফাইল খোলা হচ্ছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই জানিয়েছিলেন, মেসি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে। সেই মর্মেই যুবভারতী কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছিলেন তিনি। এবার বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী নিশীথ প্রামাণিক একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, মেসি ইভেন্টের টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রীর এমন আশ্বাসের পর প্রতারিত দর্শকদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে এই আর্থিক ক্ষতির শিকার হওয়া মানুষগুলি মন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন।
রবিবার, শহরে কলকাতা ডার্বি ছিল। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাই ভোল্টেজ ম্যাচের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। ম্যাচ শেষে মেসি কাণ্ড নিয়ে মুখ খোলেন নিশীথ। যুবভারতীতে দাঁড়িয়ে তিনি বলেন, “মেসি কাণ্ডের ফাইল খোলা হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমি মন্ত্রণালয়ে বসেছি মাত্র ৭-৮ দিন হয়েছে। একটু বসি। সময় দিন। আমার প্রথম লক্ষ্যই ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, ক্রীড়াঙ্গনে এসে চরম অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যাঁদের চোখের জল পড়েছে, মেসিকে দেখতে না পেয়ে মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে গিয়েছে, এইসব মানুষের ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব।” এই প্রতিশ্রুতি ক্রীড়ামহলে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্রীড়ামন্ত্রী আরও আশ্বস্ত করেন, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরে যাওয়া প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দেওয়া হবে। এ নিয়ে এজেন্সিকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া মন্ত্রক সব রকম ভাবে সহযোগিতা করবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ডার্বির পর ক্রীড়ামন্ত্রী এও জানান, স্টেডিয়ামের ভিভিআইপি গেটের কাছে থাকা বিশাল মূর্তি যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া হবে। ওই মূর্তি থাকাটা শোভনীয় নয় বলেই মনে করছেন তিনি। এই পদক্ষেপ স্টেডিয়ামের পরিবেশ উন্নত করবে বলে আশা করা হচ্ছে।








