ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে লিওনেল মেসির চোট। গত শনিবার রাতে ফিলাদেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচে হঠাৎই মাঠ ছাড়েন দলের অধিনায়ক মেসি। ম্যাচের ৭৩ মিনিটে তিনি বেঞ্চের দিকে ইশারা করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। তাঁর এই আকস্মিক প্রস্থান এবং পেশীর চোট নিয়ে জল্পনা সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের ঠিক আগে তাঁর ফিটনেস নিয়ে যেকোনো সংশয় দলের জন্য বড় উদ্বেগের কারণ। ইন্টার মায়ামির কোচ গিয়েরমো হোয়োস অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।
তিনি জানান, ‘মেসি খুব ক্লান্ত ছিলেন, এটা শুধুই ক্লান্তির বিষয়।’ কোচ আরও বলেন, মাঠটি ভারী ছিল এবং মেসি ক্লান্ত থাকায় ঝুঁকি নেওয়া হয়নি। তবে, ম্যাচের পর মেসির সঙ্গে তাঁর কথা বলার সুযোগ হয়নি।
বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসি অনুরাগী মেডিক্যাল রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রাথমিক লক্ষণ আশ্বস্ত করার মতো হলেও, বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে সামান্যতম খবরও বড় উদ্বেগের কারণ হতে পারে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। মেসিই দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।








