মেসিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ: ২২,৫০০ টিকিট ব্ল্যাকের অভিযোগে অরূপের বিরুদ্ধে FIR শতদ্রুর

মেসিকাণ্ডে নয়া মোড়। ২২,৫০০ টিকিট ব্ল্যাকের অভিযোগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস ও রাজীব কুমারের বিরুদ্ধে FIR করলেন শতদ্রু দত্ত। ৫০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ  লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে টিকিট ব্ল্যাক মার্কেটিংয়ের অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস এবং রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

তাঁর বিস্ফোরক অভিযোগ, অরূপ বিশ্বাস একাই ২২,৫০০ টিকিট কালোবাজারে বিক্রি করেছিলেন। এই ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। শতদ্রু দত্ত ৫০ কোটি টাকার মানহানি মামলা করার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হবেন। তাঁর দাবি, অরূপ বিশ্বাস তাঁর কাছ থেকে জোর করে একাধিক লোকের মাঠে ঢোকার অনুমতিপত্র নিয়েছিলেন। জুঁই বিশ্বাসের মাঠে ঢোকার বৈধ কার্ড না থাকলেও তিনি মাঠে প্রবেশ করে ছবি তুলেছিলেন।

শতদ্রু আরও অভিযোগ করেন যে, অরূপ ও জুঁইয়ের সঙ্গে আরও অনেকেই মাঠে ঢুকেছিলেন, যাদের শনাক্ত করে সবার বিরুদ্ধে মামলা করা হবে। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেসি, সুয়ারেজ ও দি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে মেসি মাঠে নামতেই অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীরা প্রিয় ফুটবলারকে ঘিরে ধরেন বলে অভিযোগ ওঠে। এর ফলে দর্শকরা মেসিকে দেখতে পাননি। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। সেই রাতেই শতদ্রুকে গ্রেফতার করা হয় এবং তাঁকে ৩৮ দিন জেল খাটতে হয়েছিল। রাজ্য পালাবদলের পর শতদ্রু দত্ত এবার সরব হয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন, তাঁর ইভেন্ট নষ্ট করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে ৩৮ দিন জেলে রাখা হয়। এবার সবকিছুর হিসেব হবে।