ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬ : ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিলেন রায়ান টেন দুশখাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ভারতের পরপর ব্যর্থতার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের প্রাক্তন এই ক্রিকেটার। জানা গেছে, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগেই তাঁর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে কোচিং করাবেন রায়ান।
ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফরে গিয়ে ভারত প্রথমে টি-টোয়েন্টি এবং পরে ওয়ানডে সিরিজে পরাজিত হয়। এই পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরেই রায়ান ভারতীয় দলের সহকারী কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডে থাকাকালীনই তিনি বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোয় গৌতম গম্ভীরের সহকারী হিসেবে কাজ করা রায়ান এবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দলের কোচিং করানোর কথা রয়েছে প্রাক্তন নেদারল্যান্ডস তারকার। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নাইট রাইডার্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, রায়ান এর আগে KKR-এর হয়ে খেলেছেন এবং নিজের ক্রিকেট জীবনে এই দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরই সহকারী কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন রায়ান। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য ভারতের পরপর দুই সংস্করণে হেরে যাওয়া এবং ব্যক্তিগত কারণে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।








