বিশ্বকাপের আগে ইয়ামালের সুস্থতার বার্তা স্প্যানিশ কোচের, প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয়

বিশ্বকাপের আগে ইয়ামালের চোট নিয়ে স্বস্তির খবর দিলেন স্প্যানিশ কোচ ফুয়েন্তে। প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় থাকলেও, সুস্থতার পথে তরুণ তারকা।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের চোট নিয়ে অবশেষে স্বস্তির খবর শোনালেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ইয়ামাল সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে দলের অপর গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো উইলিয়ামসের সুস্থতা নিয়েও আশাবাদী কোচ। লা লিগার শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন ইয়ামাল, যার কারণে বার্সেলোনার হয়ে শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। গত এপ্রিলে সেল্টা ভিগোর বিরুদ্ধে একটি ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই ইয়ামালের পায়ের পেশিতে টান ধরে। পরে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

চোট পাওয়ার পর বিশ্বকাপ খেলতে না পারার আশঙ্কায় ভুগছিলেন ইয়ামাল নিজেই। তবে ফুয়েন্তে তাঁকে বিশ্বকাপের ২৬ জনের চূড়ান্ত দলে রেখেছেন। কোচ জানিয়েছেন, ক্লাবগুলির সঙ্গে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খেলোয়াড়দের চোটের উন্নতির দিকে নজর রাখা হচ্ছে। প্রতিদিন তাঁদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। ইউরো চ্যাম্পিয়ন স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন, প্রতিপক্ষ কেপ ভার্দে। ইয়ামালের পারফরম্যান্সের উপর স্পেনের ভাগ্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। যদিও প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও ইয়ামাল খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন ফুয়েন্তে।

তিনি বলেছেন, “এখনও পর্যন্ত ওর চোটের উন্নতিতে আমরা খুশি। তবে প্রথম ম্যাচে ও খেলবেই, একথা বলতে পারব না।” স্পেন ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল, ইয়ামালের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম ফেভারিট ধরা হলেও, ফুয়েন্তে ফেভারিটের তকমা নিয়ে মাথা ঘামাতে নারাজ।