কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! বিমানে মিলল হুমকির চিরকুট, যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

কলকাতা বিমানবন্দরে হাইজ্যাকের হুমকি! এয়ার ইন্ডিয়ার বিমানে ককপিটে চিরকূট পেয়ে চাঞ্চল্য। বিমান বাতিল, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ , ১১ নভেম্বর ২০২৬: কলকাতা বিমানবন্দরে ফের চাঞ্চল্য। এবার হাইজ্যাকের হুমকি। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ককপিটের ভিতরে চিরকূট পেয়ে চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে ঘটনাটি ঘটে। বিমান ছাড়ার ঠিক আগে ককপিটে পাইলট প্রবেশ করতেই একটি চিরকূট দেখতে পান। তাতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক করা হবে’। এই বার্তা পাওয়ার পরেই পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই বিমানটিকে মূল রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ-এর কর্মীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। কীভাবে ককপিটের মতো সুরক্ষিত জায়গায় এই চিরকূট পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর আগেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর ছড়িয়েছিল। পর পর দুদিন এই ধরনের হুমকি আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার হাইজ্যাকের হুমকি আসায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার ফলে বিমানটির উড়ান বাতিল করা হয়েছে।

একজন অভিজ্ঞ কমার্শিয়াল পাইলট জানিয়েছেন, অনেক সময় প্লেন ধরার তাগিদে যাত্রীরা এমন কাণ্ড ঘটাতে পারেন। তবে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটালে তা গুরুতর অপরাধ। এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়, বিপুল আর্থিক ক্ষতি হয় এবং তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হয়।