ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তায় গুরুতর গাফিলতির অভিযোগে এক সাব-ইনসপেক্টর-সহ ৬ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করল কর্নাটক পুলিশ। গত ১০ মে বেঙ্গালুরুর কুপ্পারেড্ডি কেরি এলাকায় প্রধানমন্ত্রীর যাত্রাপথে বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী’র আর্ট অফ লিভিং সেন্টারে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল। তার মাত্র আধঘণ্টা আগে আর্ট অফ লিভিং সেন্টার থেকে দু কিলোমিটার দূরে রাস্তার ২৫ ফুট ভিতরে জিলোটিন স্টিক, ব্যাটারি, দেশলাই, তার এবং একটি টাইমার ঘড়ি উদ্ধার হয়। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্ব স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-এর হাতে থাকলেও, যাত্রাপথের দুপাশ নিরাপদ রাখার দায়িত্ব রাজ্য পুলিশের। সুরক্ষা প্রোটোকল অনুযায়ী, রাস্তা থেকে অন্তত আধ কিলোমিটার এলাকা ঝুঁকিমুক্ত বলে রাজ্য পুলিশকে গ্যারান্টি দিতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই প্রোটোকল মানা হয়নি। বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপার আর শ্রীনিবাসন গৌড়া এই সাসপেনশনের নির্দেশ দিয়েছেন। ঘটনার মূল তদন্ত করছে জাতীয় নিরাপত্তা এজেন্সি (NIA)।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরকগুলি অকেজো ছিল, তবে এটি নাশকতাকারীদের একটি মহড়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারা এই বিস্ফোরক রেখেছিল, তা এখনও জানা যায়নি। এনআইএ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এর আগে পাঞ্জাবেও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছিল, যেখানে তাঁর কনভয় একটি উড়ালপুলের উপর আটকে গিয়েছিল।








