‘বুলডোজার মডেল’-এর ধাঁচে সম্পত্তি বাজেয়াপ্তের বিল আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সোমবারই বিধানসভায় পেশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিধানসভায় আসছে সম্পত্তি বাজেয়াপ্তের জোড়া বিল। দুর্নীতিগ্রস্তদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর দুর্নীতি দমনে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে (২০২৬) পেশ হতে চলেছে জোড়া বিল, যার মূল লক্ষ্য দুর্নীতিগ্রস্ত নেতা ও আধিকারিকদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা। আগামী সোমবার একদিনের বিশেষ জরুরি অধিবেশনে এই বিলগুলি পাস করানোর প্রস্তুতি চলছে।

রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ‘বুলডোজার মডেল’-এর আদলেই এই বিল আনা হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি, তোলাবাজি বা দাঙ্গার মাধ্যমে অর্জিত সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত ও নিলাম করে ক্ষতিপূরণ উসুল করা হবে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৬’ নামে পরিচিত এই আইন রাজ্যে জননিরাপত্তা সুনিশ্চিত করবে এবং সিন্ডিকেট, তোলাবাজি, জমি জালিয়াতি বা দাঙ্গার মতো সমাজবিরোধী কার্যকলাপ কঠোরভাবে দমন করবে। এছাড়াও, ‘ড্যামেজ রিকভারি অ্যাক্ট’-এর মাধ্যমে সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য অপরাধীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

কোনও বেআইনি জমায়েত বা হিংসাত্মক প্রতিবাদের ফলে সরকারি বাস, ট্রেন বা অফিস ভাঙচুর হলে জেলা শাসক বা পুলিশ কমিশনার তিন মাসের মধ্যে ‘ক্লেমস কমিশন’-এর কাছে ক্ষতিপূরণের আবেদন জানাবেন। সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি, দোকানপাট বা বাড়ি ভাঙচুর হলেও ভুক্তভোগীরা এই কমিশনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন। এই পদক্ষেপের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান স্পষ্ট করলেন।