স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশ, পূর্ব মেদিনীপুরে বন্ধ ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরে বন্ধ হল ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্সবিহীন ও রোগীদের উপর চাপ সৃষ্টির অভিযোগে কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কড়া নির্দেশে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানেই তাঁর কানে আসে যে, কিছু সরকারি হাসপাতালের চিকিৎসকরা নাকি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য রোগীদের উপর চাপ সৃষ্টি করছেন। এই অভিযোগ পাওয়ার পরই স্বাস্থ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই ডায়াগনস্টিক সেন্টারগুলির উপযুক্ত লাইসেন্স ছিল না। তা সত্ত্বেও দিনের পর দিন তারা রোগীদের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, এই অবৈধ সেন্টারগুলির সঙ্গে একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকদের যোগসাজশ ছিল বলেও অভিযোগ উঠেছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই পদক্ষেপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এদিন স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন রাজ্য সরকারকে নিশানা করে বলেন, “আগের সরকারের আমলে শো কজ নোটিস পাঠানোর পর আলোচনা হত। সেখানে ফুল, মিষ্টি, খামের লেনদেন হত। কিন্তু এখন আর ওসব হবে না। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি, বেআইনি কারবার চললে আগে ঝাঁপ বন্ধ করতে হবে। তার পরে যা কথা হওয়ার হবে।” মন্ত্রী সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, দরকার হলে দু-একদিন অপেক্ষা করতে, কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে তারা যেন সরকারি হাসপাতালেই যান। গত সপ্তাহে অভিযোগ পাওয়ার পরই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।