ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগী বিধায়ক ও সাংসদদের প্রতি এক বেনজির ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, যাঁরা তাঁর কর্মপদ্ধতি নিয়ে সমস্যায় আছেন এবং দল ছেড়েছেন, তাঁরা দলে ফিরলে তিনি মাত্র এক ঘণ্টার মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দেবেন। অভিষেকের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু নেতা তৃণমূল ছেড়েছেন এবং দলবদলের কারণ হিসেবে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গেই ডায়মন্ড হারবারের সাংসদ চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন। তিনি দলত্যাগীদের ‘ভীতু’ আখ্যা দিয়ে বলেন, একটি কেন্দ্রীয় এজেন্সির সমন আসতেই যাঁরা দল ছাড়েন, তাঁরা আসলে লড়াই করতে চান না, কেবল ভয় পান। অভিষেক নিজের উদাহরণ টেনে বলেন, তাঁকে একাধিকবার ইডি-সিবিআই ডেকেছে, কিন্তু তিনি পালিয়ে যাননি। তাঁর বিরুদ্ধে ২০-৩০টি এফআইআর হয়েছে, যা তিনি নিজেও জানেন না।
দলত্যাগীরা তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, তাকে পূর্বপরিকল্পিত ‘স্ক্রিপ্ট’ বলে উড়িয়ে দেন অভিষেক। তাঁর খোঁচা, ইডি-সিবিআই থেকে বাঁচতেই তাঁরা এই ধরনের কথা বলছেন। দলের উত্থান-পতনের দায় প্রসঙ্গে অভিষেক বলেন, যদি দলের হারের দায় তাঁর হয়, তবে ২০২৪ লোকসভায় ২৯টি আসন জেতার কৃতিত্বও তাঁরই। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “৬০ জন এমএলএ গেছে, ২০ জন এমপি গেছে। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব।” একুশে জুলাইয়ের মেগা সমাবেশের প্রাক্কালে অভিষেকের এই ‘১ ঘণ্টার ডেডলাইন’ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।








