ব্যুরো নিউজ, ২১ জুলাই ২০২৬ : হাজারো টালবাহানার পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে অবশেষে ২১শে জুলাইয়ের সমাবেশ অনুষ্ঠিত হল। কালীঘাট তৃণমূলের আয়োজনে বিড়লা প্লানেটরিয়ামের সামনে এই শহীদ সমাবেশের মঞ্চ থেকে তীব্র হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী, বিজেপি এবং অমিত শাহ।
অভিষেক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন, “শুভেন্দু অধিকারী একুশে জুলাই আটকাতে পারল?” উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের পরই এই সমাবেশের আয়োজন করা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে অভিষেক তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই ঐতিহাসিক একুশে জুলাইয়ের সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য তৃণমূলের সমস্ত কর্মীদের ধন্যবাদ।” সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে অভিষেক সরাসরি বিজেপিকে নিশানা করেন।
তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির সরকার একুশে জুলাই আটকাতে পারল? শুভেন্দু অধিকারী একুশে জুলাই আটকাতে পারল? অমিত শাহ একুশে জুলাই আটকাতে পারল? আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনও বিকল্প নেই।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “মেও রোডে যত লোক তার থেকে গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় বেশি লোক হয়।” তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, ধমকে চমকে বা বেআইনিভাবে গ্রেফতার করে তৃণমূলকে আটকে রাখা যাবে না। যারা মাথা ঝোঁকাতে রাজি নয়, বিজেপি তাদেরই নিশানা করছে। যত প্রহার করা হবে, তৃণমূল তত বেড়ে উঠবে।








