অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় মডার্ন চিকিৎসা ও স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে মডার্ন চিকিৎসা ও স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহারের দাবি বিজেপির।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প ঘিরে এবার উঠল গুরুতর দুর্নীতির অভিযোগ। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা দাবি করেছেন, এই স্বাস্থ্য শিবিরে গরিব মানুষদের আধুনিক চিকিৎসা দেওয়ার নামে জুনিয়র, হোমিওপ্যাথি এবং আয়ুষ চিকিৎসকদের দিয়ে ওষুধ দেওয়া হত। এখানেই শেষ নয়,

অভিযোগ উঠেছে যে, এমআরআই ও স্ক্যানের নাম করে রোগীদের হাসপাতালে ভর্তি করিয়ে ঘুরপথে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা আত্মসাৎ করা হত। এই চাঞ্চল্যকর অভিযোগের পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭৫ দিনব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে ‘সেবাশ্রয়’ শুরু হয়েছিল। দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতেন, যা তাঁকে জনমানসে ‘হিরো’ করে তুলেছিল। পরবর্তীতে নন্দীগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন স্থানে এই ক্যাম্পের আয়োজন করা হয়। কিন্তু সম্প্রতি ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটির নিচে কিছু সন্দেহজনক সামগ্রী মেলার পর থেকেই এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগকারী চিকিৎসকদের দাবি, সেবাশ্রয়ের আড়ালে বড়সড় আর্থিক তছরুপ হয়েছে।

সূত্রের খবর, এই দুর্নীতি নিয়ে বিজেপি আগামিকাল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করতে চলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের ভাবমূর্তিতে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।