অদিতি-দেবরাজের পাশে বিকাশরঞ্জন, হাইকোর্টে সাময়িক রক্ষাকবচ পেলেন তৃণমূল দম্পতি

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়ালে হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূলের অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না তাঁদের।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী, বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁদের গ্রেফতারির আশঙ্কায় বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই দম্পতি। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয়। মজার বিষয় হলো, অদিতি ও দেবরাজের পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আদালত এক মৌখিক নির্দেশে জানিয়েছে যে, আগামী ১৯ জুন পর্যন্ত অদিতি ও দেবরাজকে গ্রেফতার করা যাবে না। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। এই অন্তর্বর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে কোনও চরম বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিযোগ করেন যে, নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে হস্তান্তর করেছেন অদিতি ও দেবরাজ। তোলাবাজি ও জমি দখলের মাধ্যমে তাঁরা এই বিপুল সম্পত্তি করেছেন বলেও অভিযোগ আনা হয়।

পাল্টা সওয়ালে বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, সম্পত্তি হস্তান্তর করা কোনও অপরাধমূলক কাজ নয়। হলফনামায় ভুল তথ্য দেওয়া বড়জোর নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে, কিন্তু তা ফৌজদারি অপরাধ নয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও অতীতে একই ধরনের অভিযোগ ওঠার কথা স্মরণ করিয়ে দেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত রাজ্যকে ১৯ জুনের মধ্যে সমস্ত অভিযোগের সুনির্দিষ্ট তথ্য ও তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।