ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর এবার তদন্তকারীদের নজরে তাঁর স্ত্রী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার তাঁকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা তাঁদের একাধিক বাড়িতে তল্লাশিও চালিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দেবরাজের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে এবং এই মামলার তদন্তভার নিয়েছে।
তদন্তকারী সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য অপরাধের বিষয়ে অদিতি কতটা জানতেন, তা স্পষ্ট করতে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেবরাজের বিভিন্ন সম্পত্তির উৎস এবং তার সঙ্গে অদিতির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়।
২০১৩ সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। ২০১৫ সালেও টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন এবং বিধাননগর পুরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়ে জয়ী হন। পরবর্তীতে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন। বিয়ের পর স্ত্রী অদিতি মুন্সিকেও তিনি রাজনীতিতে নিয়ে আসেন। দেবরাজের আর্থিক লেনদেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অদিতির প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অদিতির বয়ান এবং দেবরাজের দেওয়া তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কিনা, তাও যাচাই করা হবে। এই জিজ্ঞাসাবাদের পর আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যা মামলার তদন্তে নতুন মোড় আনতে পারে।








