ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দফতরে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার সকালে আলিপুর আদালত সংলগ্ন আটতলা এই ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে দশটা নাগাদ ভবনের চতুর্থ তল থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ও আগুন উপরের সবকটি তলাতেই দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে গোটা ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে ১০টি ইঞ্জিন পাঠানো হয়েছে, তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এই মুহূর্তে ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর না থাকলেও, দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে শ্বাস নিতে সমস্যা হওয়ায় রিলে সিস্টেমে কাজ করছেন তাঁরা। দমকল কর্মীদের জন্য ব্রিদিং মেশিন ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।
আলিপুর আদালত লাগোয়া এই জেলা পরিষদ দফতরে দক্ষিণ ২৪ পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত থাকে। পাশেই রয়েছে রেজিস্ট্রার অফিস। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ পুরোদমে চলছে।









