ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির দেওয়া প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই ফর্ম পাওয়া যাচ্ছে, যা স্থানীয় বিডিও অফিস বা পৌরসভা থেকে সংগ্রহ করা যাবে।
১৩ পাতার এই ফর্মে আবেদনকারীদের মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর পারিবারিক পরিচয়, খাদ্য ভর্তুকি প্রাপ্তির বিবরণ, মাসিক উপার্জন, সম্পত্তির বিবরণ, অন্যান্য পরিচয়পত্র বা নথি, পরিবারে শিশুদের সংখ্যা ও তাদের বিবরণ এবং সরকারি সুবিধা প্রাপ্তির তথ্য। বিশেষ করে সম্পত্তির বিবরণ অংশে আবেদনকারীদের পাকা বাড়ি এবং তাতে ঘরের সংখ্যা জানাতে হবে। তিনটের বেশি ঘর থাকলে আবেদন মঞ্জুর হবে কিনা, তা নিয়ে আবেদনকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, যদিও সরকার এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।
এছাড়াও, জমি, চার চাকার গাড়ি এবং বীমার সুবিধা সংক্রান্ত তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের নামে কতটুকু জমি আছে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও মডেল, এবং বীমার বিবরণও জমা দেওয়া বাধ্যতামূলক। এই সমস্ত তথ্য যাচাই করার পরই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।







