অন্নপূর্ণা ভাণ্ডার: বুধবার থেকেই ফর্ম, ১ জুন থেকে মিলবে সুবিধা – ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বুধবার থেকে, ১ জুন থেকে সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, কারা পাবেন, কীভাবে আবেদন?

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এক বড় ঘোষণা করেছেন। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বুধবার থেকেই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ফর্ম প্রকাশিত হবে। আগামী ১ জুন, ২০২৬ থেকে এই নতুন প্রকল্প কার্যকর হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই ফর্ম পূরণ করা যাবে। তিনি বলেন, ‘‘অফলাইনের পাশাপাশি অনলাইন (ফর্ম) অবশ্যই থাকবে।’’ বুধবার নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল ও মুখ্যমন্ত্রী নিজে একটি ফর্ম প্রকাশ করবেন। এই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত নথিভুক্তিকরণ হবে, তত দ্রুত সুবিধা প্রদান করা সম্ভব হবে। রাজ্য সরকার জানিয়েছে, ‘অন্নপূর্ণা যোজনা’ পোর্টাল ১ জুন থেকে চালু হবে, যেখানে লগ ইন করে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে, কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

এছাড়াও, রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মী এবং আয়করদাতারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন এমন ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বা অনুপস্থিত ভোটাররাও সুবিধা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।