শুধু ফর্ম পূরণ করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা, কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে শুধু ফর্ম পূরণ যথেষ্ট নয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন কঠোর যোগ্যতামান। ১ জুন থেকে চালু হবে পোর্টাল, কারা পাবেন এই সুবিধা? বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ রাজ্য সরকার ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এবার কড়া বার্তা দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ জুন থেকে চালু হতে চলা এই প্রকল্পে প্রতি মাসে যোগ্য মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে শুধু ফর্ম পূরণ করলেই এই টাকা পাওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বহু ভুয়ো নাম এবং পুরুষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢোকার অভিযোগ উঠেছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক তালিকায় অন্তত ৩০ লক্ষ ভুয়ো নাম রয়েছে। এই প্রেক্ষাপটে, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে। মন্ত্রী আরও বলেন, “আমরা কোনো অ-ভারতীয়কে এ দেশের জনগণের করের টাকায় চলা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে দেব না।”

অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয়করদাতা, মৃত ব্যক্তি, এলাকা বদল করেছেন এমন ভোটার, বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিতরাও এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বেন। আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হবে, যেখানে লগ ইন করে আবেদন করা যাবে। সরকার যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীদের কাছেই এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।