নিরাপত্তা প্রত্যাহার, এবার বেসরকারি দেহরক্ষীর খোঁজে অনুব্রত মণ্ডল

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রাজ্য পুলিশের নিরাপত্তা প্রত্যাহার। এবার তিনি বেসরকারি দেহরক্ষীর খোঁজ করছেন।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ বীরভূমের তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে বড়সড় পরিবর্তন এসেছে। রাজ্য পুলিশের তরফে তাঁর সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে নিরাপত্তা কমানোর পর এবার তাঁর জন্য থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে তিনি রাজ্য পুলিশের কোনও নিরাপত্তা পাচ্ছেন না। এর আগে তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। পরে তাঁর জন্য একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়।

তবে সম্প্রতি সেই ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে তাঁর ঘনিষ্ঠ মহলে নতুন করে চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, বর্তমানে তাঁর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডলের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য প্রশাসন বড়সড় পরিবর্তন এনেছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তায় একাধিক কাটছাঁট করা হয়। তুলে নেওয়া হয় পাইলট, এস্কর্ট ও হাউস গার্ডের ব্যবস্থা। অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতেও মোতায়েন ছিল হাউস গার্ড। তবে নতুন নির্দেশ জারির পর তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়।