ব্যুরো নিউজ ১০ জুলাই ২০২৬ঃ হুগলির আরামবাগে মুণ্ডেশ্বরী নদীর উপর নির্মিত হতে চলেছে নতুন চার লেনের রামকৃষ্ণ সেতু। ৩৯৫ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক সেতুটি পুরনো ও দুর্বল রামকৃষ্ণ সেতুর পাশেই তৈরি হবে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার এই প্রকল্পের জন্য সবুজ সংকেত দিয়েছে। ১৯৬৫ সালে নির্মিত পুরনো রামকৃষ্ণ সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং গত বছর এর একাংশ ভেঙে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন সেতুর প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে।
পূর্ত দপ্তর সূত্রে খবর, নতুন রামকৃষ্ণ সেতুটি লম্বায় ৩৮৪ মিটার এবং চওড়ায় ২৭ মিটার হবে, যা পুরনো সেতুর (দৈর্ঘ্য ৩২৫ মিটার, দুই লেন) চেয়ে অনেক বেশি প্রশস্ত ও যান চলাচলের জন্য উপযোগী। এটি চার লেনের হওয়ায় একসঙ্গে অনেক বেশি গাড়ি চলাচল করতে পারবে, যার ফলে যানজট কমবে এবং পণ্য পরিবহনে সুবিধা হবে। আরামবাগ পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, সেতু তৈরির জন্য ইতিমধ্যেই ৩৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষাকাল শেষ হলেই সম্ভবত পুজোর পর এই নির্মাণ কাজ শুরু হবে।
আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সেতু নির্মাণের জন্য কিছু জায়গায় জমি অধিগ্রহণ এবং বাড়িঘর ভাঙার প্রয়োজন হতে পারে, তবে সরকার ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে। এই নতুন সেতু আরামবাগের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








