ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ : লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও বিতর্ক এবার নতুন মোড় নিল। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাঁচ ধারায় এফআইআর দায়ের করল দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এফআইআর দায়ের হওয়ার পর শতদ্রু দত্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর ফটোকপি পোস্ট করে লিখেছেন, “সত্যের জয় হয়েছে।”
যুবভারতীতে মেসির আগমনকে ঘিরে যে অব্যবস্থা দেখা গিয়েছিল, তার দায় কার, এই প্রশ্ন দীর্ঘ দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। শতদ্রু দত্ত বারবার অভিযোগ তুলেছিলেন যে, অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের ভিড়ে সাধারণ দর্শকরা প্রিয় তারকাকে দেখতে পাননি। তাঁর দাবি, মেসিকে নিয়ে একপ্রকার ছেলে খেলা করা হয়েছিল। পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
জানা গেছে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিন্ন উদ্দেশ্য (৩/৫), প্রতারণা (৩১৮/৪), তোলাবাজি (৩০৮/২), অপরাধমূলক ভীতি প্রদর্শন (৩৫১/২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র (৬১/২) ধারায় মামলা রুজু হয়েছে। শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন যে, অনুষ্ঠানের আগে তাঁর কাছ থেকে ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট দাবি করা হয়েছিল এবং তা না দিলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে সেই টিকিট কালোবাজারি করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী ও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু। এই এফআইআর মেসি কাণ্ডের তদন্তে এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।








