অশোকনগরে বাণিজ্যিক তেল উত্তোলন শুরু, রাজ্যের জ্বালানি মানচিত্রে নতুন দিগন্ত

উত্তর ২৪ পরগনার অশোকনগরে শুরু হল বাণিজ্যিক তেল উত্তোলন। ONGC-র উদ্যোগে রাজ্যের জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, মজুত প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল তেল।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার অশোকনগরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে বাণিজ্যিক তেল উত্তোলন। আগামী জুলাই মাস থেকেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি এই কাজ শুরু করবে বলে জানা গেছে। এর ফলে পশ্চিমবঙ্গ দেশের জ্বালানি মানচিত্রে এক নতুন ও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে চলেছে। প্রাথমিকভাবে একটি কূপ থেকে তেল উৎপাদন শুরু হলেও, আগামী বছরের গোড়াতেই একই ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি।

প্রাথমিক সমীক্ষায় জানা গিয়েছে, অশোকনগরের অপরিশোধিত তেলের গুণমান দেশের অন্যতম প্রধান তেলক্ষেত্র বম্বে হাইয়ের সমতুল্য। এখানে প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে অনুমান করা হচ্ছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই বিশাল তেল ভাণ্ডার থেকে সরাসরি ৪ হাজার ৫০০ কোটি টাকা রয়্যালটি ও কর বাবদ রাজ্যের কোষাগারে জমা পড়বে, যা রাজ্যের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। উৎপাদিত অপরিশোধিত তেল হলদিয়া শোধনাগারে পাঠানো হবে।

অশোকনগরে মোট পাঁচটি উৎপাদনমূলক কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি কূপ থেকে জুলাই মাসেই তেল উৎপাদন শুরু হবে। বাকি কূপগুলিতে দ্রুত উৎপাদন শুরু করার জন্য প্রয়োজনীয় পৃষ্ঠতল পরিকাঠামো, সংরক্ষণ ও পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কাজ জোরকদমে চলছে। এই উদ্যোগ রাজ্যের শিল্প ও অর্থনীতিতে এক সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।