ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিজেপি কর্মীদের উপর হামলা ও বেআইনি গ্রেফতারির নির্দেশ দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Share:

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রীদের গ্রেফতারির তালিকায় এবার যুক্ত হল চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নাম। একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর চুঁচুড়ায় বিজেপি কর্মীদের উপর হামলা এবং হিংসার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে।

সূত্রের খবর, ২০২২ সাল নাগাদ হুগলির চুঁচুড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে অসিত মজুমদারের বিরুদ্ধে। তৃণমূলের এই প্রবীণ নেতা নাকি প্রায়শই বিজেপি কর্মীদের উপর হামলায় নেতৃত্ব দিতেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বিজেপি কর্মীদের গ্রেফতারির নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে। অসিত মজুমদার গ্রেফতার হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চুঁচুড়ার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের দাবি, তাঁর গ্রেফতারির ফলে এলাকায় তৃণমূলের সন্ত্রাস ও দাপট কমবে। স্থানীয় বিজেপি নেতৃত্বও এই গ্রেফতারিকে স্বাগত জানিয়েছে। এদিকে, তৃণমূলের এই বরিষ্ঠ নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে চুঁচুড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অসিত মজুমদারের বাড়ি এবং সংলগ্ন এলাকাতেও কড়া নজর রাখছে পুলিশ। স্থানীয় বিজেপি সমর্থকরা যাতে ক্ষুব্ধ হয়ে কোনও হামলা না চালান, সেদিকেও বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।