আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি! কুশিদায় উপভোক্তাদের বিক্ষোভে উত্তাল পঞ্চায়েত সদস্যের গ্রাম

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে মালদার কুশিদায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভে সামিল উপভোক্তারা। টাকা ফেরতের দাবিতে সরব গ্রামবাসীরা।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক নির্দল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত সদস্য উপেন যাদবের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। জানা গেছে, উপেন যাদব নির্দল প্রতীকে জয়ী হলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে মিশে যান এবং তাদের সমর্থনে কাজ করেন।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বছর খানেক আগে আবাস যোজনায় তাদের নাম আসার পর থেকেই উপেন যাদব বাড়ি বাড়ি গিয়ে কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ১৫ হাজার, আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন। এমনকি ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। কেউ টাকা দিতে রাজি না হলে তাকে ভয়ভীতি দেখানো হত এবং পরবর্তী কিস্তি আটকে দেওয়ার হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। বাধ্য হয়েই অনেকে পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিয়েছেন।

কিন্তু কাটমানি দেওয়ার পরেও বেশ কয়েকজন উপভোক্তার বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে শনিবার ক্ষুব্ধ উপভোক্তারা একজোট হয়ে গ্রামের রাস্তায় নেমে কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। যদিও পঞ্চায়েত সদস্য উপেন যাদব সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।