আয়ুষ্মান ভারত: ২৫ জুনের মধ্যে ভেরিফিকেশন না সারলে হাতছাড়া হবে সুবিধা, শুরু হল তথ্য যাচাই

আয়ুষ্মান ভারত যোজনার ভেরিফিকেশন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। ২৫ জুনের মধ্যে ই-কেওয়াইসি না করলে হাতছাড়া হবে প্রকল্পের সুবিধা। জানুন কারা পাবেন এই সুবিধা।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর হওয়ার পথে আরও এক ধাপ এগোল। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে মউ স্বাক্ষরের পর এবার শুরু হয়েছে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ। আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে, যোগ্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে ৯ জুন থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এই যাচাইয়ের কাজ।

সরকারের কাছে থাকা তথ্যভাণ্ডার, বিশেষত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্ত্যোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) এবং অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে আয়ুষ্মান ভারতের উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হবে। প্রথমে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রোজেক্ট হিসেবে এই কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে।

শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই নন, পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে থাকা ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের আওতায় আসবেন। ব্লক ও পুরসভা স্তরে ভেরিফিকেশন অফিসার এবং ফিল্ড লেভেল ওয়ার্কাররা এই কাজ করছেন। যোগ্য উপভোক্তাদের নাম রেশনের ডেটাবেসে থাকা সত্ত্বেও যদি ই-কেওয়াইসি পেন্ডিং থাকে, তবে দ্রুত তা সম্পন্ন করতে হবে। ২৫ জুনের মধ্যে এই কাজ না সারলে প্রকল্পের সুবিধা হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।