ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: দুর্গাপুরের সিটি সেন্টারে এক মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ম্যাক্স মুলার পথ এলাকা থেকে ওই মহিলাকে লক্ষ্য করে ব্যাগ ছিনতাই করে অভিযুক্ত বাইকে চড়ে পালিয়ে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান পথচারীরা। ঠিক সেই সময় কর্তব্যরত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ বিষয়টি দেখতে পায়।
সঙ্গে সঙ্গে তারা বাইকটির পিছু ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোনার তরী এলাকার কাছে ছিনতাই করা ব্যাগটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের পিছু ছাড়েনি। অবশেষে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশকর্মীরা। ধৃতের নাম শেখ তাহেরউদ্দিন। তিনি পলাশডিহা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের এই তৎপরতায় চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








