বাগনানে বিজেপি কর্মী খুন: ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য, দোষীদের ফাঁসির দাবি জানাবে রাজ্য – সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাগনানে বিজেপি কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নিহত প্রশান্ত দে-র পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য, দোষীদের ফাঁসির দাবি জানাবে রাজ্য।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় রাজ্য সরকার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তভার রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে, নিহত প্রশান্ত দে-র পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মোট ৯ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। এর মধ্যে রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ধৃত অভিযুক্তদের যাতে সর্বোচ্চ সাজা, অর্থাৎ ফাঁসি হয়, আদালতে সেই চেষ্টাই করবে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, তৃণমূলের হাতেই খুন হয়েছেন ওই বিজেপি কর্মী। ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বাগনানের স্থানীয় উপপ্রধান মফিজুল ইসলাম খানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। টাকা ফেরত চাইতে গেলে মফিজুল ও তার সঙ্গীরা সশস্ত্র হামলা চালায়, যার ফলস্বরূপ প্রশান্ত দে গুরুতর জখম হন এবং পরে তাঁর মৃত্যু হয়। প্রশান্ত দের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ আটজনকে গ্রেফতার করেছে। গত বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন প্রশান্ত দে।

বিজেপির দাবি, একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের লাঠি ও লোহার রডের হামলায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিন বিজেপি কর্মী গুরুতর জখম হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।