ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: বালুরঘাট জেলা হাসপাতালে ভয়াবহ জলসংকটে চরম দুর্ভোগে পড়েছেন রোগী, তাঁদের পরিজন এবং স্বাস্থ্যকর্মীরা। গত ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জল না থাকায় হাসপাতালের পুরনো ভবনে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরি দফতরের (PHE) জলের মেশিন বিকল হয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডের রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। শৌচালয়ে জল না থাকায় তা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে জমে থাকা নোংরা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগী ও তাঁদের আত্মীয়স্বজনরা।
এমনকি, চিকিৎসাকর্মীরাও চিকিৎসার পর হাত ধোয়ার জলটুকুও পাচ্ছেন না, যা স্বাস্থ্যবিধি বজায় রাখায় বড় বাধা সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে গত দু’দিনে মোট ন’টি জলের ট্যাঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে। পুরসভা আশ্বাস দিয়েছে, প্রয়োজনে আরও ট্যাঙ্ক সরবরাহ করা হবে। মঙ্গলবার সকাল থেকে জলকষ্ট চরমে পৌঁছায়, যা রোগীদের ভোগান্তি আরও বাড়িয়ে তোলে। যদিও মঙ্গলবার রাতে দুটি মেশিনের মধ্যে একটি সারাই করা সম্ভব হয়েছে, তবে অন্যটি এখনও বিকল হয়ে পড়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যেই বাকি মেশিনটিও চালু হয়ে যাবে। তবে দীর্ঘক্ষণ ধরে চলা এই জলকষ্টের কারণে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। দ্রুত সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।









